EN ☀️
×

Follow Us

কূটনীতি

কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম

কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অ অ

অর্থনীতি, কর্মসংস্থান, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, বৈধ অভিবাসন, ভাষা শিক্ষা ও নগর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতালির সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইতালির সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। এ সম্পর্ক আরও জোরদার করতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা প্রয়োজন। বিশেষ করে অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

বৈঠকে অবৈধ অভিবাসন রোধে জনসচেতনতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ ও বৈধ অভিবাসনে মানুষকে উৎসাহিত করা সম্ভব।

দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে ইতালীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। বাংলাদেশে ইতালীয় ভাষার প্রশিক্ষক তৈরি এবং ইতালিতে কর্মসংস্থানে আগ্রহী দক্ষ কর্মীদের ভাষাগত প্রশিক্ষণের সুযোগ তৈরিতে ইতালির সহযোগিতা চান তিনি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ইতালিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি বসবাস করছেন। দক্ষতা উন্নয়ন ও ইতালীয় ভাষা শিক্ষার মাধ্যমে বৈধ জনশক্তি রপ্তানি বাড়াতে ইতালির সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে অবৈধ পথে বিদেশযাত্রা রোধে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মিলান সিটির সঙ্গে খুলনা সিটি করপোরেশনের খাদ্য নিরাপত্তা ও খাদ্য অপচয় রোধে যৌথভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের স্থপতিদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের বাণিজ্য, রেমিট্যান্স ও কর্মসংস্থান বাড়ানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ-ইতালি অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন