ইএনজিএর সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে থাইল্যান্ডের অভিনন্দন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০১:৫৯ এএম
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে রয়্যাল থাই এম্বাসি।
মঙ্গলবার (২ জুন) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। বার্তায় ড. খলিলুর রহমানের এই বিজয়কে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করা হয়।
এদিকে নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার জাতিসংঘে সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশে দেওয়া বক্তব্যে ড. খলিলুর রহমান তাঁর প্রতি প্রদর্শিত আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গভীর বিনয় ও দায়িত্ববোধের সঙ্গে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করছেন।
ড. খলিলুর রহমান তাঁকে এই পদে মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণ, তাঁর নির্বাচনী প্রচারণা দলের সদস্য এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সমর্থকদের প্রতিও ধন্যবাদ জানান, যাদের সম্মিলিত প্রচেষ্টায় এই কূটনৈতিক সাফল্য অর্জিত হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে একজন বাংলাদেশির নির্বাচিত হওয়া বহুপাক্ষিক কূটনীতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
