ডেঙ্গু প্রতিরোধে সাদুল্লাপুরে বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ
ডেইলি সান রিপোর্ট, গাইবান্ধা
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সাধারণ মানুষকে সচেতন করতে গাইবান্ধার সাদুল্লাপুরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।
শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের পঁচার বাজার এলাকায় বসুন্ধরা শুভসংঘের সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় তুলে ধরে লিফলেট বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
লিফলেটে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, ফুলের টব, ড্রাম, পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক সহকারী প্রকৌশলী আলহাজ ইঞ্জিনিয়ার (অব.) মো. আজহারুল হান্নান। আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান আশিক (শাওন), সাধারণ সম্পাদক মো. সজীব সরকার, সদস্য মো. মুরছালিন মিয়া, মো. রিয়ন আকন্দ, মো. পাপ্পু মিয়া, রিফাত আকন্দ, মো. দিপন মিয়া, মাহবুবর রহমান, রিয়ন শেখ ও তানভীর মাহতাব রোহানসহ সংগঠনের অন্যান্য সদস্য।
এ সময় আলহাজ ইঞ্জিনিয়ার (অব.) মো. আজহারুল হান্নান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
বসুন্ধরা শুভসংঘের সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান আশিক (শাওন) বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময় মানুষের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু লিফলেট বিতরণে সীমাবদ্ধ না থেকে মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতার অভ্যাস গড়ে তুলতে চান তাঁরা। প্রত্যেকে সচেতন হলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সহজ হবে।
সংগঠনের নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও জরুরি। এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির ছাদ, বারান্দা, আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেষ্ট হতে হবে।
আয়োজকেরা জানান, মানুষের কাছে ডেঙ্গু প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়া এবং দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।