বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ
তাড়াশে জিন্দানী ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা
ডেইলি সান রিপোর্ট, সিরাজগঞ্জ
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জিন্দানী ডিগ্রি কলেজে ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় ডেঙ্গুর বিস্তার, এডিস মশার প্রজননস্থল, ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত শিক্ষক ও অতিথিরা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা এবং সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিন্দানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মো. বেলাল হোসেন আনসারী।
অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক মো. ইয়াসিন আলী, স্টাফ কাউন্সিলের সেক্রেটারী ও সহকারী অধ্যাপক আব্দুস সালাম খন্দকার, সহকারী অধ্যাপক মো. আব্দুল আলিম, প্রভাষক মো. এনামুল হক এবং বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি সনাতন দাশ সহ অন্যরা।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে চলবে না, বরং মশার বংশবিস্তার বন্ধে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, পানির পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।
পাশাপাশি সবাইকে সচেতন করে তুলতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে জিন্দানী ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে জনসচেতনতা সৃষ্টিতে বসুন্ধরা শুভসংঘের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।