ডেঙ্গু প্রতিরোধে ইউআইটিএসে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম
ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের আশপাশে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বসুন্ধরা শুভসংঘের ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) শাখা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
বর্তমানে ডেঙ্গু জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। বিভিন্ন স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজননস্থলে পরিণত হতে পারে। এ কারণে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক, নালা ও আশপাশের খোলা স্থান নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন সামগ্রীতে পানি জমে আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। পরিচ্ছন্নতা অভিযান পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আশপাশের মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ইউআইটিএস শাখার সভাপতি এ এইচ এম ফাহিম হাসান, সহসভাপতি সাদিয়া জাহান স্নেহা, মনজুরুল ইসলাম সাজিদ ও খালিদ আহমেদ টিপু, সাধারণ সম্পাদক রায়হান আল সাকিব রোহান, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদুর রহমান ফারদিন ও ফাইয়াজ রশিদ, সহসাংগঠনিক সম্পাদক গাজী মশিউর রহমান, অর্থ সম্পাদক ফজলে রাব্বি, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. জিহাদ হোসেন, যুববিষয়ক সম্পাদক দুর্জয় সরকার, গবেষণাবিষয়ক সম্পাদক ইমন মণ্ডলসহ শাখার কার্যকরী সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘ ইউআইটিএস শাখার সভাপতি এ এইচ এম ফাহিম হাসান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে জনসচেতনতামূলক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। একটি সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠনে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব।’
সাধারণ সম্পাদক রায়হান আল সাকিব রোহান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতার সংস্কৃতি আরও বিস্তৃত হবে বলে আশা করি। তরুণদের সম্মিলিত প্রচেষ্টা একটি সচেতন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।’
আয়োজকেরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল কমানো সম্ভব। পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখে তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।