EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

ডেঙ্গু প্রতিরোধে খুলনায় বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি

ডেইলি সান রিপোর্ট, খুলনা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

ডেঙ্গু প্রতিরোধে খুলনায় বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি
অ অ

খুলনায় ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত সতর্কতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

কর্মসূচিতে ডেঙ্গু কীভাবে ছড়ায়, এডিস মশার প্রজননস্থল কোথায় তৈরি হয়, মশার বংশবিস্তার রোধে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং ডেঙ্গুতে আক্রান্ত হলে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে—এসব বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

এ সময় বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল রায় চৌধুরী। সাধারণ সম্পাদক জি এম আবু মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে।

এ ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক মো. জুবায়ের, উপজেলা শুভসংঘের সহসভাপতি দয়াল কৃষ্ণ সানা, কাজী মাহবুবসহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।

আলোচনা পর্বে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না; আগেই সচেতন ও সতর্ক হতে হবে। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্রসহ বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে উল্লেখ করে বক্তারা বলেন, কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু নিজেদের সচেতন হলে হবে না, পরিবারের সদস্য, বন্ধু, প্রতিবেশীসহ আশপাশের মানুষকেও সচেতন করতে হবে। একজন শিক্ষার্থীর সচেতনতা একটি পরিবারকে এবং একটি পরিবারের সচেতনতা একটি এলাকাকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে ভূমিকা রাখতে পারে।

তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ ও সচেতন মানুষ ডেঙ্গু প্রতিরোধের অন্যতম হাতিয়ার। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন