চরফ্যাশনে হেফজখানা শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করল বসুন্ধরা শুভসংঘ
হেফজখানার শিক্ষার্থীদের পুষ্টি, হাইজিন ও রোগ প্রতিরোধ নিয়ে সচেতন করল বসুন্ধরা শুভসংঘ।
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম
ভোলার চরফ্যাশনে হেফজখানার শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘ।
পুষ্টিকর খাবার গ্রহণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রোগবালাই প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ভোলার চরফ্যাশনে হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ।
বুধবার চরফ্যাশনের বাইতুল গফুর মাদ্রাসায় বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে হেফজখানার শিশু-কিশোর শিক্ষার্থীদের স্বাস্থ্যকর জীবনযাপন, পুষ্টিকর খাবার, ব্যক্তিগত হাইজিন ও রোগ প্রতিরোধ নিয়ে সহজ ভাষায় আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের শারীরিক-মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। নিয়মিত সুষম খাবার ও বিশুদ্ধ পানি পানের পাশাপাশি ডিম, মাছ, ডাল, দুধ, শাকসবজি ও মৌসুমি ফল খাদ্যতালিকায় রাখার পরামর্শ দেওয়া হয়। অতিরিক্ত তেল-ঝাল বা রং মেশানো খাবার এড়িয়ে চলার কথাও বলা হয়। রাস্তার পাশে খোলা অবস্থায় বিক্রি হওয়া বা অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি ঝালমুড়ি, চটপটি, ফুচকার মতো খাবার নিয়মিত খাওয়ার ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয় শিক্ষার্থীদের।
কর্মসূচিতে হাত ধোয়া, নিয়মিত গোসল, পরিষ্কার পোশাক পরা, নখ ছোট-পরিষ্কার রাখা এবং ব্যবহার্য জিনিসপত্র পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। হেফজখানায় একসঙ্গে থাকার কারণে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকায় থাকার জায়গা, বিছানা, মাদুর ও আশপাশের পরিবেশও পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়। ত্বকে চুলকানি, লালচে দাগ বা খোসপাঁচড়ার মতো উপসর্গ দেখা দিলে তা গোপন না করে শিক্ষক বা অভিভাবককে জানাতে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়।
মাদ্রাসা ও আশপাশের পরিবেশে পানি জমতে না দেওয়া, ফুলের টব বা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি পরিষ্কার করা এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকার বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করা হয়। জ্বর বা শরীর ব্যথার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত শিক্ষক বা অভিভাবককে জানানোর পরামর্শ দেওয়া হয়। বক্তারা বলেন, রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে আগে থেকে সচেতন হওয়া বেশি জরুরি।
শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে কর্মসূচিতে অংশ নেয় এবং স্বাস্থ্যকর খাবার, হাত ধোয়া, ডেঙ্গু ও খোসপাঁচড়া প্রতিরোধ নিয়ে প্রশ্ন করে। আয়োজকেরা পরিবার ও সহপাঠীদের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. সাকিব, ফয়জুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, সদস্য ইফাজ হাসান, সাব্বির হোসেন এবং বাইতুল গফুর মাদ্রাসার হেফজখানার শিক্ষক-শিক্ষার্থীরা।