ভোলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজন: ‘এসো শুদ্ধ উচ্চারণে বাংলা শিখি’
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম
ভোলার ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুদ্ধ উচ্চারণ শিখছে শিক্ষার্থীরা।
শুদ্ধ ও প্রমিত বাংলা ভাষার চর্চা বাড়ানোর লক্ষ্যে ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এসো শুদ্ধ উচ্চারণে বাংলা শিখি’ শীর্ষক ব্যতিক্রমী আয়োজন। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের বাংলা ভাষার সঠিক উচ্চারণ, শব্দের শুদ্ধ ব্যবহার ও সুন্দরভাবে কথা বলার বিভিন্ন কৌশল শেখানো হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার উদ্যোগে ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী রিমনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. হারুন এবং সহকারী শিক্ষক মো. সালাউদ্দিন।
শৈশবই মানুষের ভাষা ও আচরণ শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে সঠিকভাবে কথা বলা, শব্দের শুদ্ধ উচ্চারণ এবং প্রমিত ভাষা ব্যবহারের অভ্যাস তৈরি হলে তা ভবিষ্যৎ জীবনে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই ভাবনা থেকেই কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করা হয়েছে বলে জানান বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অত্যন্ত সহজ ও আনন্দঘন পরিবেশে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ সম্পর্কে ধারণা দেওয়া হয়। কোন শব্দ কীভাবে উচ্চারণ করতে হয়, কোথায় কোন শব্দের ব্যবহার উপযুক্ত এবং কথাবার্তায় কীভাবে স্পষ্ট ও সুন্দরভাবে বাংলা বলতে হয়, তা উদাহরণের মাধ্যমে বোঝানো হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিয়ে বিভিন্ন শব্দ ও বাক্য উচ্চারণের অনুশীলনও করানো হয়।
ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. হারুন বলেন, ‘একটি শিশুর সুন্দরভাবে কথা বলার দক্ষতা শুধু তার ব্যক্তিগত প্রকাশভঙ্গিকে সমৃদ্ধ করে না, বরং তার আত্মবিশ্বাসও বাড়ায়। প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিশুদের মধ্যে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও ভাষার সৌন্দর্য সম্পর্কে আগ্রহ তৈরি করা জরুরি। তাই প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের শুদ্ধ ভাষা ব্যবহারে উৎসাহিত করতে হবে।’
ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সালাউদ্দিন বলেন, ‘বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা শুধু ভাষা দিবস বা বিশেষ কোনো দিবসকেন্দ্রিক কার্যক্রমে সীমাবদ্ধ রাখলে হবে না। পরিবার, বিদ্যালয় ও সামাজিক পরিসরে প্রতিদিনের কথাবার্তায় শুদ্ধ ও প্রমিত বাংলা ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুদের ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দ। শুদ্ধ উচ্চারণ শেখার পাশাপাশি তারা বিভিন্ন শব্দ ও বাক্য বলার অনুশীলনে সক্রিয়ভাবে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের কেউ কেউ নিজেদের পরিচয় দেওয়া, কবিতা আবৃত্তি ও বক্তব্য উপস্থাপনের মাধ্যমে শুদ্ধ উচ্চারণের অনুশীলন করে।
বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন (সিয়াম) জানান, ‘বাংলা শুধু আমাদের যোগাযোগের ভাষা নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি। একটি শিশু যখন শুদ্ধভাবে বাংলা বলতে শেখে, তখন সে শুধু একটি ভাষা সঠিকভাবে ব্যবহার করতে শেখে না, বরং নিজের সংস্কৃতি ও শিকড়ের সঙ্গেও গভীরভাবে যুক্ত হয়। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘এসো শুদ্ধ উচ্চারণে বাংলা শিখি’ কর্মসূচি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী রিমন বলেন, 'শিশুদের শিক্ষা, সৃজনশীলতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি করাও বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। ভবিষ্যতেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।’
বসুন্ধরা শুভসংঘের সদস্যদের প্রত্যাশা, ‘এসো শুদ্ধ উচ্চারণে বাংলা শিখি’ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই শুদ্ধ ও সুন্দর বাংলা বলার অভ্যাস গড়ে তুলবে এবং ভবিষ্যতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ভূমিকা রাখবে।
