EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সভা

ডেইলি সান রিপোর্ট, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ)

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সভা

ছবি: ডেইলি সান

অ অ

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া। সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন চিনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম শহিদুল ইসলাম আকিক, চিনাকান্দি বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল খালেক বাচ্চু, মুফতি আবুল হাসান ও শিক্ষার্থীর অভিভাবক ফরিদ মিয়া।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ রোগে মারা গেছেন ১১৭ জন। শুধু সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তির ঘটনা।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি সচেতনতা ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিতে হবে। এডিস মশার বংশবিস্তার ঠেকাতে বাড়ি ও বিদ্যালয়ের আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।

ফুলের টব, পরিত্যক্ত পাত্র, পুরোনো টায়ার, ডাবের খোসাসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজননস্থল হতে পারে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান বক্তারা।

তারা আরও বলেন, শিক্ষার্থীরা সচেতন হলে তারা নিজেদের পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করতে পারে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক সভা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন।

সভায় ডেঙ্গুর সম্ভাব্য উপসর্গ সম্পর্কেও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। জ্বর, মাথাব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথা, দুর্বলতা ও বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সচেতন করে তুলতে পারলে তারা ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

প্রধান শিক্ষক এ বি এম শহিদুল ইসলাম আকিক বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি বাড়ির আশপাশেও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে শিক্ষার্থীদের নিয়মিত উৎসাহিত করতে হবে।’

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সহসভাপতি সুস্মিতা হাজং, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, রিজিলা হাজং ও শাপলা হাজং, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ সাজু, দপ্তর সম্পাদক সুমন মিয়া, ক্রীড়া সম্পাদক মো. মোবারক হোসেন, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সংজ্ঞিতা দেবী, ইভেন্ট সম্পাদক সবিতা দেবী, সদস্য রস্মিতা হাজংসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন