EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

গাজীপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

গাজীপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল বসুন্ধরা শুভসংঘ

গাজীপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।

অ অ

গাজীপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক সংগঠন মুসাফির ইশকুলের এক দশক পূর্তি উপলক্ষে অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীমারা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম; শহীদ শিক্ষা পরিবারের চেয়ারম্যান শহীদুল ইসলাম; সমাজসেবক মুসলিমা খাতুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল বাঁধনের উপদেষ্টা মুকুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন।

অধ্যাপক অসীম বিভাকর বলেন, শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে মুসাফির ইশকুল যে কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। একটি সংগঠন এক দশক ধরে শিশুদের পাশে থেকে কাজ করছে, এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি বলেন, সমাজের সামর্থ্যবান মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসতে হবে। মানবিক কাজে মুসাফির ইশকুলের পাশে থাকার জন্য তিনি বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।

জহিরুল ইসলাম বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোই যথেষ্ট নয়। শিশুদের শিক্ষার পরিবেশ ও প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মুসাফির ইশকুল সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে যে দীর্ঘমেয়াদি কাজ করছে, তা সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই শিক্ষা উপকরণ বিতরণ শিক্ষার্থীদের পড়াশোনা ও সামাজিক কাজে আরও উৎসাহিত করবে বলে তিনি মনে করেন।

ইমরান হোসেন বলেন, মুসাফির ইশকুলের এক দশকের পথচলায় দেখা গেছে, একটু সহযোগিতা ও সুযোগ পেলে সুবিধাবঞ্চিত শিশুরাও এগিয়ে যেতে পারে। বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ। তিনি জানান, ভবিষ্যতেও শিশুদের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিভিন্ন সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান তারা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বইপোকা পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাধব চন্দ্র মণ্ডল; প্রথম আলো বন্ধুসভা গাজীপুরের সভাপতি বাবুল ইসলাম; বিডি ক্লিনের সমন্বয়ক রিয়াজুল ইসলাম; ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ইউনিট বাঁধনের কেন্দ্রীয় পর্যবেক্ষক বাপন; নিরাপদ সড়ক আন্দোলনের সমন্বয়ক আরাফাত রহমান রিকো এবং বহুমাত্রিক ফাউন্ডেশনের ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সদস্য ও মুসাফির ইশকুলের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন