জয়পুরহাটে কৃষক-কিষাণীদের সবজি বীজ দিল বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম
জয়পুরহাটের ক্ষেতলালে কৃষকদের হাতে সবজির বীজ তুলে দিচ্ছে বসুন্ধরা শুভসংঘ।
জয়পুরহাটের ক্ষেতলালে কৃষক-কিষাণীদের মাঝে বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। ‘কৃষকের হাতে বীজ, ঘরের আঙিনায় সবুজের স্বপ্ন’—এই প্রত্যয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নওপাড়া, ভূতপাড়া, আমানীপাড়া ও কাটাহার গ্রামের কৃষকদের মাঝে এসব বীজ বিতরণ করা হয়।
বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বীজ গ্রহণ করেন স্থানীয় কৃষক-কিষাণীরা। নিজেদের বাড়ির আঙিনা ও পতিত জমিতে এসব বীজ রোপণ করে সবজি উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
বীজ পেয়ে কৃষকরা জানান, বর্তমানে বাজারে সবজির দাম অনেক সময়ই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। বাড়ির আঙিনায় নিজেদের প্রয়োজনীয় সবজি উৎপাদন করা গেলে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাজার খরচও কমবে। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ তাঁদের সবজি চাষে আরও আগ্রহী করে তুলবে বলে জানান তাঁরা।
বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, কৃষকের হাতে বীজ তুলে দেওয়া মানে একটি সম্ভাবনার বীজ বপন করা। তিনি বলেন, বাড়ির আঙিনা ও পতিত জমিগুলো সবুজে ভরে উঠলে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কৃষকের বাড়তি আয়ের সুযোগও তৈরি হবে।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, কৃষকদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, নিজেদের উৎপাদিত সবজি পরিবারের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বীজ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার প্রচার সম্পাদক আম্মার হোসেন, অর্থ সম্পাদক শিহাব শামীম এবং সাধারণ সদস্য কাজল, রওশনারা রিফাহ ও ফাহমিদা রোশনিসহ অন্যরা।
