EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

বান্দরবান

আলীকদমে অসচ্ছল ২০ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ

যা তাঁদের স্বাবলম্বী হওয়ার নতুন পথ দেখাচ্ছে

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৪:০৭ পিএম

আলীকদমে অসচ্ছল ২০ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
অ অ

সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে অসংখ্য পরিবারের নীরব কান্না। দুর্গম পথ, সীমিত কর্মসংস্থান, জুম চাষের অনিশ্চিত আয় আর নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাড়তি খরচ— সব মিলিয়ে বান্দরবানের আলীকদম উপজেলার অনেক পরিবার প্রতিদিন টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। বিশেষ করে নারীদের আয়ের সুযোগ প্রায় নেই বললেই চলে। সংসারের অভাব, সন্তানের পড়াশোনা আর ভবিষ্যতের অনিশ্চয়তা তাঁদের প্রতিদিনের সঙ্গী।

এমন বাস্তবতায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আলীকদম উপজেলার ২০ জন অসচ্ছল নারীকে তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) আলীকদম উপজেলা হলরুমে অতিথিরা তাঁদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

এই ২০ জনের একজন শ্যামলী তংচংগ্যা। বান্দরবান সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থীর বাবার নাম কদম তংচংগ্যা। পরিবারের আর্থিক অবস্থা এতটাই নাজুক যে এনজিওতে চাকরি করা ভাইয়ের আয়েই কোনোমতে সংসার চলে। পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখেন শ্যামলী। তাঁর বিশ্বাস, সেলাইয়ের কাজ শিখে একদিন নিজের আয়ে সংসারের বোঝা ভাগ করে নিতে পারবেন।

উপকারভোগীদের আরেকজন চামমুম ম্রো, আলীকদম কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবা রেংকাই ম্রো জুম চাষ করে তিন ছেলে ও আট মেয়ের বড় সংসার চালান। ফসল ভালো হলে দুবেলা খাবার জোটে, আর খারাপ মৌসুমে বাড়ে দুশ্চিন্তা। এমন কঠিন বাস্তবতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন চামমুম। হাতে পাওয়া সেলাই মেশিনকে তিনি পরিবারের ভাগ্য বদলের একটি সম্ভাবনা হিসেবে দেখছেন।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা, আলীকদম উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটন, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আহমেদ, বসুন্ধরা শুভসংঘ আলীকদম উপজেলা শাখার উপদেষ্টা ইয়ংলক ম্রো ও নুরসাদা ভূঁইয়া বাবু, চ্যানেল আইয়ের বান্দরবান জেলা প্রতিনিধি ইসমাইল হাসান এবং কালের কণ্ঠের আলীকদম উপজেলা প্রতিনিধি শুশান্ত কান্তি। এ ছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আলীকদম উপজেলা শাখার সভাপতি এস এম জিয়াউদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী একটি উদ্যোগ। আলীকদমের মতো প্রান্তিক অঞ্চলে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান নিঃসন্দেহে মানবিক কাজ। এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে সহায়তা করবে। এমন মহৎ উদ্যোগ গ্রহণের জন্য বসুন্ধরা শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

আলীকদম উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটন বলেন, ‘গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। সরকারের পাশাপাশি বসুন্ধরা শুভসংঘ বিভিন্ন মানবিক ও সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণের উদ্যোগ তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। এ মহৎ উদ্যোগের জন্য আলীকদমবাসীর পক্ষ থেকে বসুন্ধরা শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

স্থানীয় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, পার্বত্য অঞ্চলে নারীদের কর্মসংস্থানের সুযোগ এখনো খুব সীমিত। এমন উদ্যোগ শুধু কয়েকটি পরিবারের মুখে হাসি ফোটাবে না, বরং অনেক নারীকে আত্মনির্ভরশীল হওয়ার সাহসও জোগাবে। বসুন্ধরা গ্রুপের এই মানবিক উদ্যোগ তাই আলীকদমের দুর্গম পাহাড়ে নতুন আশার বার্তা হয়ে এসেছে।

আরও পড়ুন