EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

সড়ক দুর্ঘটনায় আহত অসহায় যুবকের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ

অর্থাভাবে চিকিৎসাহীন হাফিজুর রহমানকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিল বসুন্ধরা শুভসংঘ

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:৩৬ পিএম

সড়ক দুর্ঘটনায় আহত অসহায় যুবকের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ

ছবি: সংগৃহীত

অ অ

পাবনার ভাঙ্গুড়ায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত এক অসহায় যুবকের চিকিৎসায় আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বসুন্ধরা শুভসংঘ ভাঙ্গুড়া উপজেলা শাখা।

ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া মহল্লার বাসিন্দা হাফিজুর রহমান একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। গত ১৩ জুন কোম্পানির মোটরসাইকেলে পাবনা শহরে যাওয়ার পথে বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজার এলাকায় মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এতে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানের হাড় ভেঙে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে আর্থিক সংকটের কারণে চিকিৎসা শেষ না করেই তিনি বাড়ি ফিরে আসতে বাধ্য হন। স্ত্রী ও পাঁচ সন্তানের সংসারে খাবার জোগাড় করাই এখন কঠিন হয়ে পড়েছে। পরিবারের অন্য সদস্যরাও দরিদ্র হওয়ায় কেউ সহযোগিতা করতে পারছেন না।

এই মানবিক সংকটে মঙ্গলবার (২৪ জুন) হাফিজুরের পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ। শাখার উপদেষ্টা ডক্টর জাহিদ হাসানের সার্বিক সহযোগিতায় সংগঠনের সদস্যরা হাফিজুরের বাবা নুরুল ইসলামের হাতে ১০ হাজার টাকা তুলে দেন।

হাফিজুর রহমানের বাবা নুরুল ইসলাম বলেন, ‘ছেলেটা শয্যাশায়ী হয়ে পড়ে আছে। চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছি। খুব দুশ্চিন্তায় দিন কাটছে সবার। এমন সময় এই সহযোগিতা আমাদের খুব উপকারে আসবে। কৃতজ্ঞ জানাই এমন উদার ও মানবিক মনের মানুষদের।’

বসুন্ধরা শুভসংঘ ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘মানুষ মানুষের জন্য। এমন নীতির ভিত্তিতে শুভসংঘের ভাঙ্গুড়া উপজেলা শাখার সদস্যরা কাজ করে যাচ্ছে। আর এসব কাজের সার্বিক সহযোগিতা করছেন শুভসংঘের প্রধান উপদেষ্টা প্রকৌশলী ডক্টর জাহিদ হাসান। তার অনুপ্রেরণা এবং সহযোগিতা আমাদেরকে সকল কাজে উদ্বুদ্ধ করে।’

এ সময় শাখার সাধারণ সম্পাদক শাকিব খান ও সহ-সভাপতি আব্দুল মালেকসহ সংগঠনের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন