EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মজুরি নির্ধারণে ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক-শ্রমিকপক্ষ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

মজুরি নির্ধারণে ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক-শ্রমিকপক্ষ

ছবি: সংগৃহীত

অ অ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে একমত হতে পারেনি মালিক ও শ্রমিকপক্ষ। মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ প্রস্তাব জমা দিলেও তা নিয়ে দুই দফা দীর্ঘ আলোচনা শেষে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রস্তাব চূড়ান্ত করতে আবার বৈঠকে বসবে বোর্ড।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

তিনি বলেন, মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। শ্রমিকপক্ষের প্রস্তাবও বোর্ডের সভায় উপস্থাপন করা হয়েছে। দুই পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। আগামীকাল মঙ্গলবার পরবর্তী বৈঠক হতে পারে।

বোর্ডের চেয়ারম্যান জানান, এ পর্যন্ত ঢাকার আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ছোট, মাঝারি ও বড় পোশাক কারখানা পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে পাওয়া তথ্য সভায় তুলে ধরা হয়েছে।

মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এখনই প্রস্তাবটি প্রকাশ করা যাচ্ছে না। মজুরি বোর্ডের সুপারিশ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত মালিকপক্ষকে বাস্তবায়ন করতে হবে। এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। 

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, বোর্ড শ্রমিকদের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে। দেশের বর্তমান বাস্তবতা ও শ্রম আইন মেনে মজুরি নির্ধারণ করা হবে। কোনো বেআইনি বা অবাস্তব সিদ্ধান্ত নেওয়া হবে না।

মজুরি নির্ধারণে বাজারমূল্য, শ্রমিকদের পরিবারের সদস্যসংখ্যা, মালিকদের আর্থিক সক্ষমতা এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষ একটি প্রস্তাব দিয়েছে। তবে সেটি চূড়ান্ত নয়। প্রস্তাবটি শ্রমিকপক্ষের কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি। একইভাবে শ্রমিকদের প্রস্তাবও মালিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি। দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত আলোচনা চলবে।

তিনি বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের দায়িত্ব মজুরি বোর্ডের। এটি কোনো একক মালিক বা শ্রমিকের বিষয় নয়। উৎপাদন বন্ধ রাখার পক্ষে শ্রমিক সংগঠনগুলো নয়। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো হচ্ছে। তবে বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ শ্রমিকেরা আন্দোলন করছেন।

শ্রমিকপক্ষের কাছে মালিকদের প্রস্তাব কম মনে হওয়ার বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন বলেন, ‘একটা হাঁস প্রতিদিন একটি সোনার ডিম দেয়। কিন্তু হাঁসটি অসুস্থ হয়ে যাওয়ার পরও কি সোনার ডিম আশা করা যায়?’

আরও পড়ুন