দালালের বিচার, টাকার শোক, আকুতিভরা চিঠি মিললো মসজিদের দানবাক্সে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম
পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলার সময় পাওয়া যায় চিঠিটি।
ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হয়ে দালালের বিরুদ্ধে চিঠি লিখেছেন ভুক্তভোগী এক বিদেশগামী। চিঠিতে উঠে এসেছে হারানো টাকার শোক, প্রতারকদের বিচার এবং নিরাপদ বিদেশযাত্রার আকুতি। সৃষ্টিকর্তা আল্লাহর কাছে লেখা ওই চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।
শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলার সময় পাওয়া যায় চিঠিটি।
ওই ব্যক্তি চিঠিতে লিখেছেন, তার ইউরোপ যাত্রা যেন সহজ ও নিরাপদ হয়। বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসা-সেবা নিশ্চিত করার পাশাপাশি কোনো বিদেশগামী যেন দালালের প্রতারণার শিকার না হন, সে জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।
প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎকারীদের উপযুক্ত বিচার ও হেদায়েত কামনা করে চিঠিতে লেখা হয়েছে, তার মতো প্রতারণার শিকার হয়ে আর কোনো পরিবার যেন নিঃস্ব না হয়।
এ ছাড়া প্রতারণায় হারানো টাকার শোক ও কষ্ট থেকে মুক্তি, ধৈর্য, মানসিক শান্তি এবং হালাল রিজিকের জন্যও প্রার্থনা করেছেন ওই ব্যক্তি। চিঠির শেষে নিজের পরিচয় দিয়েছেন ‘একজন প্রতারিত বিদেশগামী’ হিসেবে।
এর আগে, মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া যায় ৫১ বস্তা টাকা। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এখন চলছে টাকা গণনার কাজ।
এবার ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্রাংক খোলা হয়েছে। দানবাক্সগুলো পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাওয়ায় আগের তিনটি অস্থায়ী ট্রাংকের সাথে নতুন করে আরও দুটি ট্রাংক যুক্ত করা হয়।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
