পাগলা মসজিদের দানবাক্স খুলে মিললো ৫১ বস্তা টাকা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম
ছবি: সংগৃহীত
ঐতিহাসিক পাগলা মসজিদে ৪ মাস ২৪ পর ১৫ লোহার দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় গণনার জন্য দানবাক্স খুলে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে।
কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ মসজিদ কমপ্লেক্সের দুইতলায় টাকা গণনার কাজ শুরু করা হয়। এ কাজে যোগ দেয় ৫০০ জন লোকের একটি দল।
গণনার কাজে অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মাচারীসহ পাঁচ শতাধিক মানুষের একটি দল।
তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে চার মাস পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরও দুটি দানবাক্স।
চলতি বছরের গত ২৭ জুন ১৮২ দিন পর মসজিদের দানবাক্সগুলো খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।
দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।
