পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ১০৪৪ ভরি স্বর্ণ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গত ছয় বছরে দানবাক্সে পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন, পরিমাণ নির্ধারণ এবং গণনার কার্যক্রম শুরু হয়। ছবি: বাসস
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স দীর্ঘ প্রায় সাড়ে ছয় বছর পর খোলা হয়েছে। এতে পাওয়া সোনার গহনার পরিমাণ এক হাজার ৪৪ ভরি। এছাড়া এক হাজার ৮৮ ভরি রূপার গহনা পাওয়া গেছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গত ছয় বছরে দানবাক্সে পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন, পরিমাণ নির্ধারণ এবং গণনার কার্যক্রম শুরু হয়। বৈদেশিক মুদ্রা গণনার কার্যক্রম এখনো শেষ হয়নি।
এর আগে জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, ট্রেজারিতে জমা রাখা নয়টি মাঝারি আকারের প্লাস্টিকের কনটেইনার ও ছয়টি সিলগালা করা খাম খুলে এসব মূল্যবান সামগ্রী গণনা ও পরিমাপ করা হচ্ছে।
প্রাপ্ত স্বর্ণ ও রুপার ওজন এবং ক্যারেট যাচাই করে পরবর্তী সময়ে নিলামে বিক্রি করা হবে। আর বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে। পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে স্বর্ণ ও রুপা বিক্রির জন্য নিলামের আয়োজন করা হবে।
তিনি আরও জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত নয় সদস্যের উপকমিটির তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, ব্যাংক কর্মকর্তা ও স্বর্ণকারেরা সহযোগিতা করছেন।
এর আগে ২০২০ সালের ১১ মার্চ নিলামে বিক্রি করা স্বর্ণের পরিমাণ ছিল ৪১৫ ভরি ১ আনা এবং রুপার পরিমাণ ছিল ১৬৪ ভরি। এসব স্বর্ণ ও রুপা বিক্রি করে মোট ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১০০ টাকা পাওয়া গিয়েছিল। এ ছাড়া বৈদেশিক মুদ্রা নগদায়ন করে পাওয়া গিয়েছিল ১ লাখ ২৭ হাজার ৬৫১ টাকা।
ঐতিহাসিক পাগলা মসজিদ দেশের অন্যতম পরিচিত ধর্মীয় প্রতিষ্ঠান। দূর-দূরান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ এখানে মানত ও দান করতে আসেন। প্রতি তিন মাস পরপর মসজিদের দানবাক্স খোলা হলে নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার, রুপা ও বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া যায়।
সর্বশেষ চলতি বছরের ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। বর্তমানে মসজিদের তহবিলে মোট ১৩১ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা জমা রয়েছে। এ ছাড়া মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা অনুদান পাওয়া গেছে।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জেলা জুয়েলারি সমিতির ১০ জন সদস্য স্বর্ণ ও রুপার ওজন নির্ধারণ এবং পরিমাপের কাজ করেছেন।