EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ে সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করবে বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ে সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করবে বাংলাদেশ
অ অ

গণহত্যার শিকার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক অংশীদারদের নিয়ে একযোগে কাজ করবে বাংলাদেশ। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ না থাকায় সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সরকারের এই অবস্থান তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অর্থ দিয়ে মানুষের জীবনের মূল্য কিংবা রোহিঙ্গা পরিবারগুলোর অপূরণীয় ক্ষতি কখনোই পরিমাপ করা সম্ভব নয়। তবে বেঁচে থাকা রোহিঙ্গারা যেন নিজ দেশে ফিরে নতুন করে জীবন গড়তে পারে, সে জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে বাংলাদেশ সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালাবে।

আইসিজের রায় বাস্তবায়নের রূপরেখা তুলে ধরে হুমায়ুন কবীর বলেন, মামলার বাদী গাম্বিয়া যদি বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করে, তাহলে সেখানে জোরালো ভূমিকা রাখবে বাংলাদেশ। এ বিষয়ে নিয়মিত ফলো-আপও করা হবে।

রায় কার্যকর ও ক্ষতিপূরণ আদায়ে জাতিসংঘের কাঠামোর মধ্যে সমন্বিত বা ‘মাল্টি-এজেন্সি’ উদ্যোগ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার এই রায় আন্তর্জাতিক আইনে শক্তিশালী নজির তৈরি করেছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই আইনি ভিত্তি কাজে লাগিয়ে জাতিসংঘ ও উন্নয়ন সহযোগী দেশগুলোর সহায়তায় রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পথ সুগম করা হবে।

তবে প্রত্যাবাসনে তাড়াহুড়া করতে চায় না বাংলাদেশ। হুমায়ুন কবীর বলেন, রাখাইন রাজ্যে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা বা ‘সেফটি নেট’ নিশ্চিত না করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিরাপদ হবে না। রোহিঙ্গারা যেন নিজ ভূমিতে ফিরে নির্ভয়ে ও স্থায়ীভাবে বসবাস করতে পারে, বাংলাদেশ সেই বাস্তবসম্মত ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে চায়।

আরও পড়ুন