সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের নতুন বেতন-ভাতা নির্ধারণ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ এএম
বেসামরিক সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারির প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে সরকার। এতে তিন বাহিনীর প্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। আর একজন সৈনিকের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ টাকা।
জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন ও ভাতা নির্ধারণ করে গত ১৫ নভেম্বর নির্দেশনা জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ৮৪ পৃষ্ঠার এই নির্দেশনায় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের নতুন বেতন-ভাতার নিয়ম তুলে ধরা হয়েছে।
নির্দেশনায় বাহিনীপ্রধান থেকে শুরু করে কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), সৈনিক, রিক্রুট ও ক্যাডেটদের জন্য আলাদা বেতনসীমা নির্ধারণ করা হয়েছে। নতুন মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হবে।
সেনাবাহিনীর মেডিকেল, ডেন্টাল, প্রকৌশল, সিগন্যালস ও ইএমই কোরের কর্মকর্তাদের জন্যও আলাদা নির্দেশনা রয়েছে। একইভাবে নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত প্রথম ছয় মাসে নতুন মূল বেতনের ৪০ শতাংশ এবং পরের ছয় মাসে আরও ৩০ শতাংশ পাবেন। সার্জেন্ট থেকে নিচের পদে কর্মরত সদস্য ও ক্যাডেটরা প্রথম ছয় মাসে ৫০ শতাংশ এবং পরের ছয় মাসে আরও ২৫ শতাংশ পাবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে সবাই পূর্ণ হারে নতুন মূল বেতন পাবেন।
তবে নতুন ভাতার হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগ পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনে প্রচলিত হার অনুযায়ী ভাতা দেওয়া হবে।
তিন বাহিনীর বর্তমান মোট সদস্যসংখ্যার তথ্য সরকারি ওয়েবসাইটে পাওয়া যায়নি। তবে ২০১৭ সালের ৭ জুন জাতীয় সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ওই সময় সেনাবাহিনীতে ১ লাখ ৬২ হাজার ১২৫ জন, নৌবাহিনীতে ২৫ হাজার ৮১ জন এবং বিমানবাহিনীতে ১৭ হাজার ৩৯০ জন সামরিক সদস্য ছিলেন। সব মিলিয়ে তিন বাহিনীতে সামরিক সদস্য ছিলেন ২ লাখ ৪ হাজার ৫৯৬ জন। এ ছাড়া তিন বাহিনীতে ২০ হাজার ৮৯৪ জন বেসামরিক কর্মী নিয়োজিত ছিলেন।
-6afc640eec17e.jpg)