EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ
অ অ
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এই রায় ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছে সরকার।

রায়ের পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘আমরা আইসিজের রায়কে স্বাগত জানাই এবং এতে সন্তুষ্ট।’ 

নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পর সরকারের প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, গণহত্যা ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় এই রায় ঐতিহাসিক ঘটনা। এই প্রথম আইসিজে কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই রায় রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশসহ তাদের নিপীড়ন ও বাস্তুচ্যুতির কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে। 

ক্ষতিপূরণের প্রসঙ্গে তিনি বলেন, রায়ের ফলে রোহিঙ্গা ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে ভবিষ্যৎ উদ্যোগের ক্ষেত্রে এই রায় গুরুত্বপূর্ণ বলে মনে করেন হুমায়ুন কবির। তবে রায় ও এর প্রভাব সম্পর্কে সরকারের বিস্তারিত মূল্যায়ন শুক্রবার সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বলে জানান তিনি।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে থেকেই কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।

রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং তাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই প্রচেষ্টার মধ্যে আইসিজের রায়কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন