রোহিঙ্গা সংকট মিয়ানমারে তৈরি, সমাধানও সেখানেই: তিতুমীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ পিএম
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি: কামরুল ইসলাম রতন।
রোহিঙ্গা সংকট মিয়ানমারে তৈরি হয়েছে। এর সমাধানও মিয়ানমারেই সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ব্র্যাক আয়োজিত ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। রোহিঙ্গাদের অনেক তরুণ অস্তিত্বের সংকটে ভুগছেন। তাঁদের অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেক থাকলে রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসা উচিত। এই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই জাতিসংঘ গঠিত হয়েছে। তাই রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা জাতিসংঘের জন্য জরুরি।
তিনি বলেন, রোহিঙ্গাদের জনসংখ্যা ইতিমধ্যে ৩৭ শতাংশ বেড়েছে। অথচ তাঁদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমেছে ৩৪ শতাংশ। এই সহায়তা তাঁদের চাহিদার তুলনায় খুবই কম। ফলে রোহিঙ্গাদের মৌলিক চাহিদা ও অধিকার পূরণ করাও সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায় কোনোভাবেই এই সংকটের দায় এড়াতে পারে না।
ড. তিতুমীর আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে পাঁচ দফা প্রস্তাব উপস্থাপন করেছেন। রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে। বাংলাদেশ সরকার আশা করে, আজ রোহিঙ্গাদের নিয়ে ঘোষিত রায়ের মাধ্যমে তাঁদের অধিকার প্রতিষ্ঠার পথ তৈরি হবে।
তিনি বলেন, মানুষ হিসেবে রোহিঙ্গাদের যে অধিকার রয়েছে, তা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে শান্তি, সমৃদ্ধি ও রোহিঙ্গাদের ভবিষ্যতের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, রোহিঙ্গারা দ্রুত তাঁদের নিজ দেশে ফিরে যেতে পারবেন।
রাশেদ তিতুমীর বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে গিয়ে বাংলাদেশকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। এই ব্যয় দেশের সীমিত সম্পদের ওপর বড় চাপ তৈরি করেছে। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের পথে রোহিঙ্গাদের জন্য এই ব্যয় বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।
এ কারণে আন্তর্জাতিক মহলের আরও বেশি সাড়া দেওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। রোহিঙ্গাদের দ্রুত তাঁদের নিজ ভূখণ্ড মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, অ্যাডভোকেসি অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক তরিকুল ইসলাম, জ্যেষ্ঠ পরিচালক কেএএম মোরশেদ, বিশেষ অতিথি হিসেবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, ইউএনএইচসিআর বাংলাদেশের প্রতিনিধি, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
