রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রায় আজ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ এএম
ছবি: সংগৃহীত
রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে চালানো সামরিক অভিযানের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে করা গণহত্যার মামলায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় দিতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা এ মামলার রায়কে ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মামলাটি করে। এতে শুধু মিয়ানমারের সেনাবাহিনী নয়, দেশটির রাষ্ট্রকেও গণহত্যার জন্য দায়ী করা হয়েছে।
আদালত গাম্বিয়ার পক্ষে রায় দিলে আন্তর্জাতিক আইনের ইতিহাসে নতুন নজির তৈরি হতে পারে। কারণ, এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেনি।
২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযান চালানো হয়। ওই সময় বহু মানুষ হত্যা, নির্যাতন ও ধর্ষণের শিকার হন। পুড়িয়ে দেওয়া হয় রোহিঙ্গাদের অনেক গ্রাম। প্রাণ বাঁচাতে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।
মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের তথ্যানুসন্ধানী দল এসব ঘটনার তথ্য নথিবদ্ধ করেছে। ২০১৮ সালে জাতিসংঘের এক প্রতিবেদনে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানকে প্রকৃত নিরাপত্তা হুমকির তুলনায় ‘চরম অসামঞ্জস্যপূর্ণ’ বলা হয়। প্রতিবেদনে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের সুপারিশ করা হয়।
তবে মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতেই সেনাবাহিনী অভিযান চালিয়েছিল। মিয়ানমারের পক্ষে মামলার শুনানিতে অং সান সু চিও অংশ নিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, সামরিক অভিযানে যুদ্ধাপরাধ হয়ে থাকতে পারে, তবে তা গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করে না।
গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে আন্তর্জাতিক আদালত কঠোর মানদণ্ড অনুসরণ করে। শুধু হত্যাকাণ্ড বা নির্যাতনের ঘটনা ঘটলেই গণহত্যা প্রমাণিত হয় না। কোনো জনগোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য ছিল, এমন প্রমাণও প্রয়োজন।
মিয়ানমারের বিরুদ্ধে মামলার নেতৃত্ব দেওয়া আইনজীবী আরসালান সুলেমান বলেছেন, তাঁদের কাছে গণহত্যার অভিযোগ প্রমাণের মতো যথেষ্ট তথ্য রয়েছে। তাঁর মতে, রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্য, নাগরিকত্ব আইন এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চলাচলের ওপর বিধিনিষেধ গণহত্যার উদ্দেশ্য বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
রায় হলে কী প্রভাব পড়তে পারে
গাম্বিয়ার পক্ষে রায় এলে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় প্রতিষ্ঠিত হতে পারে। এতে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আইসিজের রায়ের সঙ্গে কোনো শাস্তির বিধান নেই। এ রায়ের বিরুদ্ধে আপিলেরও সুযোগ নেই।
রোহিঙ্গাদের জন্য এ রায় দীর্ঘদিনের নির্যাতন ও দুর্ভোগের স্বীকৃতি পাওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ। তবে রায় যাই হোক, তাঁদের নিরাপদে নিজ দেশে ফেরার পথ এখনো কঠিন।
বাংলাদেশে বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীশিবিরে বসবাস করছেন। অন্যদিকে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে। রাজ্যটির বেশির ভাগ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। রোহিঙ্গাদের অনেক গ্রামও ধ্বংস হয়ে গেছে।
ফলে আইসিজের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও নিরাপদ প্রত্যাবাসনের নিশ্চয়তা দেবে না।

