দুই দশক পর আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ এএম
ছবি: সংগৃহীত
দুই দশকেরও বেশি সময় পর তিস্তা নদীর পাড়ের জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি জেলার একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।
পরে সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সফর শেষে সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
