EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৭ এএম

ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
অ অ

চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে এ আগুন দেওয়া হয়। পরে পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বাড়িটির আশপাশে পুলিশের টহল চলছিল। এ সময় হঠাৎ নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান পুলিশ সদস্যরা। পরে দ্রুত এগিয়ে গিয়ে তাঁরা আগুন নিভিয়ে ফেলেন।

তিনি বলেন, বাড়িটির নিচতলায় কেউ বসবাস করেন না। এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন। আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।

ঘটনার পর বাড়িটির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান ওসি।

এর আগে কয়েক দিন ধরে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের আরও কয়েকটি কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তাঁর বাবা ছিলেন ব্যবসায়ী। সেই সূত্রে চট্টগ্রাম নগরের পাঁচলাইশে বাড়িটি নির্মাণ করেন তিনি। এই বাড়িতেই অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে।

এদিকে, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগসহ সাম্প্রতিক সহিংসতার বিষয়টি জাতিসংঘেও আলোচনায় এসেছে। গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, বাংলাদেশের জাতীয় কর্তৃপক্ষের উচিত সহিংসতার প্রতিটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা। একই সঙ্গে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।

আরও পড়ুন