স্বপদে বহাল থাকছেন আনসার-ভিডিপির মহাপরিচালক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্বে থাকছেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁর বদলি ও নিয়োগসংক্রান্ত আগের আদেশ বাতিল করা হয়েছে।
এতে বাহিনীর চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ তৈরি হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে মহাপরিচালক সদস্যদের কল্যাণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি, প্রশিক্ষণ ও বাহিনীর আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।
অঙ্গীভূত আনসার সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দীর্ঘদিনের প্রচলিত রেস্ট প্রথা বাতিল, গ্র্যাচুইটি ফান্ডের মাধ্যমে পেনশন চালুর প্রক্রিয়া, বেতন-ভাতা বৃদ্ধি এবং সরাসরি ডিজি কোডে বেতন দেওয়ার উদ্যোগ।
এ ছাড়া মাসিক রেশন বৃদ্ধি, গমের পরিবর্তে সমপরিমাণ আটা দেওয়া, বাৎসরিক ছুটি বাড়ানো এবং স্বতন্ত্র আধুনিক পোশাক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সদস্যদের পদক বাড়ানো, জরুরি ঋণ ও চিকিৎসাসহায়তা সম্প্রসারণ এবং নিজ বিভাগ বা জেলায় পোস্টিংয়ের সুযোগও তৈরি করা হয়েছে।
সাধারণ ক্ষমার আওতায় কয়েকজন সদস্যকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। পাশাপাশি সদস্যদের আবাসন সুবিধায় ‘প্রত্যয় ব্যারাক’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যুগোপযোগী প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলার কাজও চলছে।
দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং শিল্প ও অর্থনৈতিক নিরাপত্তায় আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ দায়িত্ব আরও কার্যকর করতে বাহিনীকে আধুনিক, দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মহাপরিচালক স্বপদে বহাল থাকায় বাহিনীর সদস্যদের মধ্যে চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রম নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নেতৃত্বের ধারাবাহিকতায় সদস্যকল্যাণ ও বাহিনীর আধুনিকায়নের উদ্যোগ আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
-6afd4195a4eab.jpg)