শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম
ছবি: সংগৃহীত
শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন শিল্পাঞ্চলে ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন দায়িত্ব পালন করছেন। আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় তাঁদের মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় ১৫ প্লাটুন; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।
মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
