EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪২ এএম

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর মিরপুরের কাফরুলে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েনের পাশাপাশি প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দেন এবং তাদের কারখানা থেকে বের করে নিয়ে আসেন।

এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একপর্যায়ে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত পোশাকশ্রমিকদের সড়কে নামার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, সকালে কাফরুলে কিছুটা ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য রয়েছেন।


প্রসঙ্গত, সম্প্রতি ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের একটি বড় অংশ মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনে নামেন। পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও বিভিন্ন সময়ে আন্দোলনে উঠে আসে।

আন্দোলনের মধ্যে কয়েকটি শিল্পাঞ্চলে সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধ এবং শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। তবে বোর্ড গঠনের পরও বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন