EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস ফেরানোর আহ্বান রুমনের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম

নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস ফেরানোর আহ্বান রুমনের

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত

অ অ

নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ইন্টারনেট ও প্রযুক্তির প্রসারে তরুণরা বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে। অথচ বই পড়ার মাধ্যমে অনেক কিছু শেখা যায়। তাই সবার মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করা প্রয়োজন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে আতিকুর রহমান রুমন বলেন, স্কুলজীবনে নতুন কোন বই প্রকাশিত হলো, কোন বই কেমন—এসব বিষয়ে তাঁরা খোঁজ রাখতেন। হুমায়ূন আহমেদের বইয়ের পাশাপাশি বগুড়ার লেখক রোমেনা আফাজের ‘দস্যু বনহুর’ ও ‘মাসুদ রানা’ সিরিজের বইও পড়তেন। 

তিনি বলেন, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঙ্গে বই ভাগাভাগি করে পড়তেন। অনেক সময় বই কেনার জন্য টিফিনের টাকা জমাতেন। তাঁদের বাসা থেকে স্কুলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হলেও রিকশাভাড়া বাঁচাতে হেঁটে স্কুলে যেতেন।

বর্তমান সময়ের সঙ্গে ছাত্রজীবনের তুলনা করে তিনি বলেন, এখন তরুণদের মধ্যে বই পড়ার সেই অভ্যাস নেই। ইন্টারনেটের কারণে সবকিছু অনলাইনে পাওয়া যাচ্ছে। তরুণরা মোবাইল ফোনেই বিভিন্ন বিষয় দেখছে। তবে বই পড়ার অভ্যাস সবার মধ্যে থাকা উচিত। কারণ, বই থেকে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রশংসা করে আতিকুর রহমান রুমন আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, অতীতের সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সংস্কৃতি ও ক্রীড়ার প্রসারে নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। রুমন বলেন, প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি’সহ সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিচ্ছেন। স্কুল-কলেজে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কার্যক্রম এগিয়ে নিতে তিনি প্রধানমন্ত্রীর জন্য সবার দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হারুনুর রশীদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন