সরকারি সারে ভেজালের দাবি অসত্য, বলছে কৃষি মন্ত্রণালয়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি সারে ভেজাল থাকার অভিযোগে ছড়িয়ে পড়া একটি ভিডিওর প্রতিবাদ জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, ভিডিওটি গত আগস্টে মানিকগঞ্জে ভেজাল সার জব্দের পুরোনো ঘটনার। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই নতুন করে ভিডিওটি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কৃষি মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জল্লা বাজারে ভাই ভাই এন্টারপ্রাইজ নামের একটি সার বিক্রয়কেন্দ্রে ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।
পরে ওই দিনই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অভিযুক্তকে দুই লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভেজাল সার জব্দ করে ধ্বংস করা হয়। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে ওই ডিলারের লাইসেন্স বাতিলের ব্যবস্থাও নেওয়া হয়।
মন্ত্রণালয় জানায়, আইনগতভাবে নিষ্পত্তি হওয়া পুরোনো ঘটনাকে নতুনভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো উদ্দেশ্যপ্রণোদিত। ভিডিওতে ‘সরকার ভেজাল সার সরবরাহ করছে’ বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি পর্যায়ে সরবরাহ করা সার নিয়ম অনুযায়ী পরীক্ষাগারে পরীক্ষা করার পর ডিলারদের কাছে পাঠানো হয়। সার সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের প্রতিটি ধাপে কঠোর নজরদারি করা হয়।
-6af70d79bad4f.jpg)