EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মাহদী আমিনের সঙ্গে এডিবির কান্ট্রি ডিরেক্টরের বৈঠক

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও কৃষি উদ্যোক্তা খাতে বিনিয়োগে আগ্রহী এডিবি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও কৃষি উদ্যোক্তা খাতে বিনিয়োগে আগ্রহী এডিবি
অ অ

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠানের অংশীদারত্ব (ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপ) খাতে বিনিয়োগ ও অনুদান দিতে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ ছাড়া শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগেও সহায়তা দিতে চায় সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং।

বৈঠকে এডিবির মানব ও সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক গি সুন সং, প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) ফাইজা আহাদ এবং প্রোগ্রাম অফিসার ফারিন ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে চিংফেং ঝাং বলেন, কম্পিউটার সায়েন্স, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং সফটওয়্যার প্রকৌশলে উচ্চশিক্ষার গবেষণা ও উন্নয়ন সক্ষমতা বাড়াতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে এডিবির। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতেও বিনিয়োগ ও অনুদান দিতে চায় সংস্থাটি।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষকদের দক্ষতা বাড়ানো এবং শ্রেণিকক্ষে পাঠদানের মান উন্নয়নে কাজ করতে আগ্রহী এডিবি। এ ক্ষেত্রে ইন্টার‌্যাকটিভ শিক্ষা উপকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।

চিংফেং ঝাং বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা যেন শুধু একাডেমিক প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেটি নিশ্চিত করতে চায় এডিবি। গবেষণার মাধ্যমে বাস্তব সমস্যা চিহ্নিত করা এবং শিল্প খাতের বিভিন্ন সমস্যার সমাধান করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

বৈঠকে মাহদী আমিন দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, শিক্ষাকে আনন্দময় ও অংশগ্রহণমূলক করতে বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চতুর্থ শ্রেণিতে ‘ক্রীড়া’ ও ‘সংস্কৃতি’ নামে দুটি বাধ্যতামূলক বিষয় চালু করা হচ্ছে। এ বছর শুধু চতুর্থ শ্রেণিতে বিষয় দুটি চালু হয়েছে। আগামী শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণিতেও তা চালু করা হবে। পর্যায়ক্রমে সব শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে সরকারের।

নারীশিক্ষার প্রসারে সরকারের অঙ্গীকার তুলে ধরে মাহদী আমিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার সেই সুযোগ স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে মধ্যমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে তা স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, দেশের ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন মাহদী আমিন। তিনি বলেন, বিনা মূল্যে স্কুল ড্রেস ও মিড-ডে মিল দেওয়ার পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রচলিত বেঞ্চের পরিবর্তে শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে আলাদা চেয়ার ও টেবিলের ব্যবস্থা করা হচ্ছে।

শিশুদের মানসিক বিকাশ এবং আনন্দের সঙ্গে শিক্ষা নিশ্চিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘লার্নিং টয়’ যুক্ত করা হচ্ছে। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে স্লাইডারসহ বিভিন্ন ধরনের বাইরের খেলাধুলার সরঞ্জাম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন