EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই লক্ষ্য: মাহ্দী আমিন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই লক্ষ্য: মাহ্দী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। ছবি: সংগৃহীত

অ অ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশের নিজস্ব সম্পদের ব্যবহার বাড়ানো এবং আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি নবায়নযোগ্য শক্তির ব্যবহার, শিল্পের উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল রেনেসাঁয় গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের আয়োজনে ‘সাসটেইনেবিলিটি ডে ২০২৬: নিউ ফ্রন্টিয়ার্স ফর গ্রোথ’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে বাজেটে সৌরবিদ্যুৎ প্রকল্প ও সোলার প্যানেল উৎপাদনে বিশেষ কর অব্যাহতি ও বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, সোলার প্যানেলের উৎপাদন থেকে সরবরাহ পর্যন্ত একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার।

জ্বালানি নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, দেশে নতুন গ্যাসকূপ অনুসন্ধান, নতুন ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন এবং কয়লার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। আন্তর্জাতিক অংশীদারদের কারিগরি সহায়তা কাজে লাগিয়ে নিজস্ব সম্পদের ব্যবহার বাড়ানো এবং আমদানির ওপর দীর্ঘমেয়াদি নির্ভরতা কমানো হবে। 

নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোকে সরকারের অগ্রাধিকার উল্লেখ করে মাহ্দী আমিন জানান, সৌরবিদ্যুৎ খাত থেকে দ্রুত চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

বর্জ্য থেকে সম্পদ তৈরির উদ্যোগ

শিল্পবর্জ্য, অপরিশোধিত পানি ও রাসায়নিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব দেন মাহ্দী আমিন। তিনি বলেন, এসব বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ, গ্যাস ও পুনর্ব্যবহারযোগ্য পানি উৎপাদন সম্ভব। বর্জ্য শুধু অপসারণ না করে অর্থনৈতিক সম্পদে পরিণত করাই আধুনিক বিশ্বের পদ্ধতি। দেশের প্রতিটি শিল্প খাতে এ ব্যবস্থা চালুর আহ্বান জানান তিনি।

পোশাক শিল্পের বিকাশে নীতিগত সহায়তা

পোশাক খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, এ খাতের ঐতিহাসিক বিকাশ নিয়ে সরকার গর্বিত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে এ শিল্পের সূচনা হয়েছিল। সেই ধারাবাহিকতায় শিল্পের বিকাশ ও সুরক্ষায় সরকার নীতিগত সহায়তা অব্যাহত রাখবে।

তিনি বলেন, অর্থনীতির অগ্রগতি ধরে রাখতে পোশাক পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি নতুন রপ্তানি খাতের বিকাশ ঘটাতে হবে। বৈশ্বিক মান, আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে শিল্পকে আরও সক্ষম করে তুলতে হবে। 

পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, শ্রমিকদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জীবনযাত্রার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেন তিনি। পোশাক শিল্পে নারীদের অংশগ্রহণের ধারাকে টেকসই করতে তাঁদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার কথাও বলেন।

বাংলাদেশে প্রায় ৩০০ পরিবেশবান্ধব পোশাক কারখানা

দেশের তৈরি পোশাক খাতের পরিবেশবান্ধব অগ্রগতির কথা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড সার্টিফায়েড সবুজ কারখানা রয়েছে। এসব কারখানা পরিবেশবান্ধব উৎপাদন ও শিল্পের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করছে।

সুশাসন ও পরিবেশ সুরক্ষায় সরকারের পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার আইনের শাসন, সামাজিক সুবিচার ও সাম্যভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানান মাহ্দী আমিন। তিনি বলেন, বন্দর থেকে শুল্ক ব্যবস্থাপনা পর্যন্ত বিভিন্ন সেবা সংস্থাকে সংস্কার ও জবাবদিহির আওতায় আনা হচ্ছে। 

পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তোলা জরুরি।

সরকারের টেকসই উন্নয়নের চারটি মূল ভিত্তি তুলে ধরে মাহ্দী আমিন বলেন, এগুলো হলো পরিবেশ সুরক্ষা, ব্যক্তির ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা, নতুন সম্ভাবনাময় শিল্পের বিকাশ এবং সুশাসন ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা। এসব লক্ষ্য অর্জনে উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক অংশীদার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান এবং ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন