EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চায়ের আড্ডার আড়ালে মাদক-জুয়ার আসর, উদ্বিগ্ন অভিভাবক

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

চায়ের আড্ডার আড়ালে মাদক-জুয়ার আসর, উদ্বিগ্ন অভিভাবক

ছবি: ডেইলি সান

অ অ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মালাই চায়ের দোকান ঘিরে মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতার অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এসব দোকানে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের আড্ডা জমে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও বাসিন্দারা।

সরেজমিনে উপজেলার প্রায় ১০টি মালাই চায়ের আড্ডার সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাটের ভুলুয়া সেতু-সংলগ্ন মালাই বাড়ি রেস্টুরেন্ট, হাজিরহাট ইউনিয়নের আনন্দ বাজার কবরস্থান-সংলগ্ন চায়ের আড্ডা, চরজাঙ্গালিয়ার ৫ ও ৭ নম্বর ওয়ার্ড এবং চরফলকন ইউনিয়নের হাজিরহাট ও তোরাবগঞ্জ বাজার এলাকার কয়েকটি স্থান।

এসব দোকানে আকর্ষণীয় পরিবেশ, আলোকসজ্জা ও বাহারি আয়োজনের কারণে তরুণদের ভিড় বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এসব স্থানে আড্ডা চলে। এতে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের একটি অংশ পড়াশোনা বাদ দিয়ে দীর্ঘ সময় সেখানে কাটাচ্ছে। কোথাও কোথাও ইভটিজিং, অশালীন আচরণ ও পথচারীদের উত্ত্যক্ত করার ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। 

 

স্থানীয়দের ভাষ্য, ফজুমিয়ারহাটের ভুলুয়া সেতু-সংলগ্ন মালাই বাড়ি রেস্টুরেন্টে সবচেয়ে বেশি ভিড় হয়। সেখানে অনুমোদন ছাড়াই নাগরদোলা, ঘোড়ার স্ট্যান্ডসহ মেলার বিভিন্ন দোকান বসানোর অভিযোগও রয়েছে। তাঁদের দাবি, এসব আড্ডার আড়ালে মাদক সেবন, জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা চলছে। 

অভিভাবকদের অভিযোগ, চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে কিছু কিশোর ধূমপানে জড়িয়ে পড়ছে। পরে তারা ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার মতো মাদকের সংস্পর্শে আসার ঝুঁকিতে পড়ছে। এসব জায়গায় অপরাধপ্রবণ ব্যক্তিদের সঙ্গে মেলামেশার কারণে কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে।

ফজুমিয়ারহাট এলাকার অন্তত ২০ জন অভিভাবক জানান, অবাধ আড্ডা ও অসৎ সঙ্গের কারণে স্কুল-কলেজপড়ুয়া শিশু-কিশোরদের একটি অংশ বিপথে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। শুরুতে বন্ধুদের সঙ্গে চা পান ও গল্পের জন্য গেলেও পরে তারা অপরাধপ্রবণ ব্যক্তিদের সংস্পর্শে আসতে পারে। তাই বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা ইসমাইল, হাবিবুর রহমান ও নুর মোহাম্মদ বলেন, বাজারের বাইরে ভুলুয়া নদীর পাড়ে গড়ে ওঠা মালাই বাড়ি রেস্টুরেন্টে তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের প্রচুর ভিড় হয়। বাইরে থেকে সাধারণ চায়ের দোকান মনে হলেও সেখানে কিশোর গ্যাংয়ের আনাগোনা ও বখাটে তরুণদের উৎপাত নিয়ে তাঁরা উদ্বিগ্ন। 

নাম প্রকাশে অনিচ্ছুক চরকাদিরা ইউনিয়ন পরিষদের দুই সদস্য বলেন, এসব আড্ডায় উচ্চস্বরে গান বাজানো, অশালীন কথাবার্তা, পথচারীদের উত্ত্যক্ত করা এবং দলবদ্ধভাবে চলাফেরার ঘটনা ঘটে। কোথাও কোথাও কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তারের প্রবণতাও দেখা যাচ্ছে। এতে আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন এবং নারী ও শিক্ষার্থীদের চলাচলে অস্বস্তি তৈরি হচ্ছে।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, মালাই চায়ের আড্ডার নামে এসব স্থানে মূলত বখাটেদের আসর বসে। এগুলো বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখে অসামাজিক কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হবে।

আরও পড়ুন