EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জুয়ার টাকা জোগাড়ে ইমামতির আড়ালে প্রতারণা

ডেইলি সান রিপোর্ট, জামালপুর

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

জুয়ার টাকা জোগাড়ে ইমামতির আড়ালে প্রতারণা
অ অ

জামালপুরের মেলান্দহে জুয়া খেলার টাকা জোগাড় করতে ইমামতির চাকরি নিয়ে স্থানীয়দের সঙ্গে প্রতারণার অভিযোগে মুফতি মিজানুর রহমান (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) রাতে কুমিল্লার শাসনগাছা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার নতুন একটি মামলায় আদালতে সোপর্দ করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মিজানুর রহমান কুমিল্লার লাকসাম উপজেলার উত্তর গাজীপুরের আসরা মসজিদবাড়ি এলাকার মুহা. ইসমাঈল মজুমদারের ছেলে। তিনি মেলান্দহের মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, জুয়া খেলার টাকা জোগাড় করতে বিভিন্ন এলাকায় ইমামতির চাকরি নিতেন মিজানুর রহমান। এ পরিচয়ে স্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে নানা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন তিনি। মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদে যোগদানের তিন মাসের মধ্যে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১৫ লাখ টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

গত ৭ অক্টোবর রাতে স্ত্রী ও সন্তান নিয়ে আত্মগোপনে চলে যান মিজানুর রহমান। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে ইসমাইল হোসেন রাজা বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান জুয়ার টাকা জোগাড় করতে মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার কথা স্বীকার করেছেন। দেশের অন্য স্থানেও একই কায়দায় অর্থ আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হুমায়ুন কবির জানান, মিজানুর রহমান ঘন ঘন সিম পরিবর্তন করায় তাঁকে গ্রেপ্তারে বেগ পেতে হয়। পরে প্রযুক্তির সহায়তায় কুমিল্লায় তাঁর অবস্থান নিশ্চিত করা হয়। এক ব্যক্তির মাধ্যমে ১০ হাজার টাকা দেওয়ার কথা বলে ডেকে এনে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন