কপ-৩১ সম্মেলনে তিন অগ্রাধিকার তুলে ধরবেন খলিলুর রহমান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
খলিলুর রহমান
জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তিনটি অগ্রাধিকার বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ তথ্য জানান।
প্রথম অগ্রাধিকার হিসেবে প্যারিস চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করেন খলিলুর রহমান। এ ক্ষেত্রে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার, সার্বিক বিদ্যুতায়ন এবং ক্ষতিকর গ্যাসের নির্গমন কমানোর ওপর জোর দেবেন তিনি।
দ্বিতীয় অগ্রাধিকার জলবায়ু অর্থায়ন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন, দীর্ঘমেয়াদি সহনশীলতা বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আন্তর্জাতিক পর্যায় থেকে সময়মতো ও নিয়মিত অর্থায়ন নিশ্চিত করার তাগিদ দেবেন তিনি।
তৃতীয় অগ্রাধিকার হিসেবে মানুষের জীবন ও স্থানীয় জনপদ সুরক্ষার বিষয়টি তুলে ধরেন তিনি। এ জন্য আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার এবং স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষায় বিনিয়োগের ওপর গুরুত্ব দেবেন।
সফরসূচি অনুযায়ী, জাতিসংঘে দায়িত্ব পালন শেষে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি তুরস্কে গিয়ে কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে খলিলুর রহমানের।
-6af27fe266d32.jpg)