মসলা তৈরিতে ভেজাল, চারজনের কারাদণ্ড ও জরিমানা
ডেইলি সান রিপোর্ট, জামালপুর
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম
ছবি: সংগৃহীত
জামালপুরের নান্দিনায় মসলা তৈরির বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে ভেজালের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) জামালপুর সদর উপজেলার নান্দিনায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন।
অভিযানে মরিচের গুঁড়া তৈরিতে পচা ও উচ্ছিষ্ট মরিচ এবং ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া ধনিয়ার গুঁড়ায় কাঠের গুঁড়া মেশানো হচ্ছিল।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন জানান, জব্দ করা আলামত বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়েছে। এ ছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
