EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯১ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯১ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত

অ অ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে ৩০ জেলায় ৯১টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) অধিদপ্তরের ৪০টি দল ঢাকা মহানগরসহ দেশের ৩০ জেলায় পাইকারি ও খুচরা বাজারে একযোগে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ফল, চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও সরবরাহ পরিস্থিতি যাচাই করা হয়। পাশাপাশি ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং অতিরিক্ত দাম আদায়ের বিষয়েও নজরদারি করা হয়।

গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে মজুদ পরিস্থিতি, নিরাপত্তাবিধি প্রতিপালন, মেয়াদ এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রির বিষয়টি যাচাই করা হয়।

এ ছাড়া ভোজ্যতেলের সরবরাহে ঘাটতি রয়েছে কিনা এবং বাজারে এক ও দুই লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হয়। ফলের ক্রয় ভাউচার ও বিক্রয় রসিদও পরীক্ষা করেন অভিযান পরিচালনাকারীরা। 

অভিযানকালে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ ও সরবরাহে বাধা দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজন নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।

জনসচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনা এবং কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পাশাপাশি সঠিক ওজন নিশ্চিত করে পণ্য কেনা এবং বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

পণ্য কিনতে গিয়ে কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।

বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আরও পড়ুন