EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দেশে ফিরতে চান শেখ হাসিনা, নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ এএম

দেশে ফিরতে চান শেখ হাসিনা, নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অ অ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করেছেন। ২০২৪ সালে দেশত্যাগের পর এই প্রথম এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করলেন তিনি। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে এটিকে এখন পর্যন্ত তার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।

২০২৪ সালে প্রাণঘাতী গণঅভ্যুত্থানের মুখে দীর্ঘদিনের শাসনের অবসান ঘটিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় পর তার দেশে ফেরার পরিকল্পনা নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে। কারণ, বর্তমানে বাংলাদেশে তার রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।

হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। তার সহযোগীরা সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়। তবে ভারতে অবস্থান করে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে তারা লিখেছেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ অবস্থায় তাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়েছে, হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।


এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। হাসিনার পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন। আবার অনেকে ভারতে বা অন্য দেশে স্বেচ্ছানির্বাসনে আছেন।

বিভিন্ন মেয়াদে মোট ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। এখনো দেশের একটি অংশের মানুষের মধ্যে তার সমর্থন রয়েছে। তার দেশে ফেরা রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে, দুই বছরের বেশি সময়ের অস্থিরতার পর দেশের স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে ঢাকার বর্তমান সরকার।

তবে হাসিনার দেশে ফেরা বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক উন্নয়নেও ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে বড় ধরনের অবনতি হয়েছে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন