নামের মিল, এক বছর কারাগারে নিরপরাধ ব্যক্তি; মুক্তির নির্দেশ আদালতের
২০০২ সালের ১০ এপ্রিল মিরপুরের হাজী রোড থেকে মো. আলমাছ ও নাজমুল আলম মামুনকে গ্রেপ্তার করে পুলিশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম
প্রতীকী ছবি
২২ বছর আগের একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামির পরিবর্তে নামের মিল থাকায় নিরপরাধ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। প্রায় এক বছর কারাভোগের পর আদালতের নির্দেশে তার মুক্তির পথ তৈরি হয়েছে।
ভুক্তভোগী মোহাম্মদ আলমাছ বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। অন্যদিকে, প্রকৃত সাজাপ্রাপ্ত মো. আলমাস বর্তমানে কানাডায় অবস্থান করছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) এ ঘটনায় দায়ের করা রিটের শুনানি শেষে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে মোহাম্মদ আলমাছকে দ্রুত মুক্তির নির্দেশ দেন আদালত। তবে সোমবার সকাল পর্যন্ত তিনি কারাগার থেকে মুক্তি পাননি বলে জানিয়েছেন তার স্ত্রী বন্যা আক্তার।
২০০২ সালের ১০ এপ্রিল মিরপুরের হাজী রোড থেকে মো. আলমাছ ও নাজমুল আলম মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়। ২০০৪ সালের জুনে ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল আলমাছকে ১০ বছরের কারাদণ্ড দেন। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক হন।
অন্যদিকে, পেশায় ইলেকট্রিশিয়ান মোহাম্মদ আলমাছকে ২০১৫ সালে প্রথমবার গ্রেপ্তার করা হলেও পরিচয় যাচাইয়ের পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু ২০২৫ সালের ৪ নভেম্বর দোহার উপজেলার সুন্দরীপাড়া থেকে তাকে আবারও গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আলমাছের স্ত্রী অভিযোগ করেন, গ্রেপ্তারের সময় পুলিশের এক কর্মকর্তা তার স্বামীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ২০ হাজার টাকা দাবি করেন। পরিবার টাকা দিলেও পরদিন তাকে আদালতে পাঠানো হয়। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এসআই জুবাইদুল হক টাকা দাবি বা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ওয়ারেন্টের ঠিকানার সঙ্গে মিল থাকায় তিনি আলমাছকে গ্রেপ্তার করেন।
এ ঘটনায় দায়ের করা রিটের শুনানি হয় গত বছরের সেপ্টেম্বরে। আদালত দুই ব্যক্তির পরিচয় ও ঘটনার বিষয়ে অনুসন্ধান করে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের অনুসন্ধানে নাম, বাবার নাম ও গ্রামের নামের আংশিক মিল এবং পুরোনো মামলার নথিতে ঠিকানার ভুলের বিষয়টি উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, প্রকৃত সাজাপ্রাপ্ত আলমাসের আদি বাড়ি দোহারের পূর্ব ধোয়াইর গ্রামে। অন্যদিকে নিরপরাধ আলমাছের পরিবারের আদি বাড়ি একই উপজেলার বাহ্রা এলাকায়। নদীভাঙনের কারণে ২০০৭ সালে তারা সুন্দরীপাড়ায় চলে আসেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দীন মো. হানিফ ঘটনাটিকে প্রাথমিকভাবে পরিচয় বিভ্রাট হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, আলমাছের আইনজীবী তানভীর আহমেদ এ ঘটনার জন্য পুলিশ ও সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের ভুলকে দায়ী করেছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খান বলেছেন, এ ঘটনায় কেউ দায় এড়াতে পারেন না। পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোরও দায় রয়েছে।
সূত্র: বিবিসি নিউজ বাংলা
