EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

খাদ্য নিরাপত্তা-পুষ্টি উন্নয়নে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তা চাইলেন মন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

খাদ্য নিরাপত্তা-পুষ্টি উন্নয়নে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তা চাইলেন মন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, পুষ্টিমান বাড়ানো এবং সরকারি খাদ্যশস্যের মজুত ব্যবস্থাপনা উন্নত করতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কারিগরি ও আর্থিক সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে ডব্লিউএফপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ সহায়তা চান।

বৈঠকে ফর্টিফায়েড চালের কার্যকারিতা যাচাই, খাদ্যশস্যের মজুত ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

খাদ্যমন্ত্রী বলেন, সরকারি খাদ্যগুদামে দীর্ঘদিন চালের মান বজায় রাখা বড় চ্যালেঞ্জ। এ জন্য সমন্বিত নীতিমালা ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরিতে ডব্লিউএফপির কারিগরি সহায়তা প্রয়োজন। 

তিনি জানান, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে পুষ্টিসমৃদ্ধ ও ফর্টিফায়েড চাল বিতরণ করা হচ্ছে। তবে এর পুষ্টিগত সুফল যাচাই করতে গবেষণা প্রয়োজন। এ গবেষণায় প্রায় ৪ লাখ থেকে সাড়ে ৪ লাখ মার্কিন ডলার ব্যয় হতে পারে। এ জন্য ডব্লিউএফপির আর্থিক ও কারিগরি সহায়তা চান তিনি। বর্তমানে দেশের প্রায় ৩০০ উপজেলায় ফর্টিফায়েড চাল বিতরণ করা হচ্ছে।

ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে সংস্থাটির সহযোগিতা অব্যাহত থাকবে। আগামী পাঁচ বছরের পরিকল্পনায় খাদ্য মজুত ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন ও স্কুল ফিডিং কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হবে।

ফর্টিফায়েড চালের কার্যকারিতা যাচাইয়ে বৈজ্ঞানিক গবেষণার ওপর গুরুত্ব দেন তিনি। এ জন্য বিস্তারিত ধারণাপত্র তৈরির পরামর্শ দেন। পাশাপাশি অন্য উন্নয়ন সহযোগীদের যুক্ত করার আশ্বাস দেন। 

বৈঠকে স্থানীয় কৃষকদের উৎপাদিত খাদ্য দিয়ে স্কুল ফিডিং কর্মসূচি সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ আগামী পাঁচ বছরের সহযোগিতা পরিকল্পনা তৈরি এবং ২০২৮ সাল থেকে নতুন অংশীদারত্ব কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা করে।

বৈঠকে খাদ্যসচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খান এবং ডব্লিউএফপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, একই দিন বিকেলে খাদ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এ সময় দুই দেশের সম্পর্ক, খাদ্য নিরাপত্তা ও খাদ্যশস্য সংরক্ষণে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন