EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নিরাপদ খাদ্য নিশ্চিতে অক্টোবরে ৩৪ অভিযান, জরিমানা ৩৫ লাখ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

নিরাপদ খাদ্য নিশ্চিতে অক্টোবরে ৩৪ অভিযান, জরিমানা ৩৫ লাখ

ছবি: সংগৃহীত

অ অ

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গত অক্টোবর মাসে সারা দেশে ৩৪টি অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসব অভিযানে মোট ৩৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ২৮টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবরে ঢাকা মহানগরে ১৭টি অভিযান চালানো হয়। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানে ১৩ লাখ টাকা জরিমানা এবং ১১টি মামলা করা হয়।

ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ১৭টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসব অভিযানে ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং ১৭টি মামলা করা হয়।

অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে নানা অনিয়ম পাওয়া যায়। এর মধ্যে রয়েছে খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ না থাকা, নিবন্ধন ও ট্রেড লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং রেফ্রিজারেটরে লেবেল ছাড়া মাছ-মাংস সংরক্ষণ। 

এ ছাড়া রান্নাঘরে তেলাপোকার বিচরণ, পোড়াতেল ও অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার, পণ্যে লেবেল না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

আইন প্রয়োগের পাশাপাশি অক্টোবরে ১ হাজার ১২৭টি খাদ্যপ্রতিষ্ঠান পর্যবেক্ষণ করেছে কর্তৃপক্ষ। বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান এবং খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এসব পর্যবেক্ষণের আওতায় ছিল। এ ছাড়া রপ্তানিযোগ্য চারটি পণ্যের স্বাস্থ্যসনদ দেওয়া হয়েছে।

নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে টেলিভিশন, বেতার ও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হয়েছে। 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি, ভ্রাম্যমাণ আদালত, খাদ্য নমুনা পরীক্ষা ও গবেষণা কার্যক্রম চলছে। খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানের নিবন্ধন ও লাইসেন্স কার্যকর করার উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি বলেন, সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু কর্তৃপক্ষের একার পক্ষে সম্ভব নয়। এ কাজে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন