আইসিসিবিতে অষ্টম সপ্তাহেও জমজমাট ‘সুপার সেল কার বাজার’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৬ এএম
ছবি: সংগৃহীত
ক্রেতা-বিক্রেতাদের আগ্রহে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অষ্টম সপ্তাহেও বসেছে ‘সুপার সেল কার বাজার’। নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ির পাশাপাশি ট্রাক ও বাইক নিয়ে সাজানো এ মেলায় ছিল নানা আকর্ষণীয় অফার।
উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়। গত সাত সপ্তাহের ধারাবাহিকতায় গত শুক্রবারও বসে গাড়ি কেনাবেচার এই বাজার।
মেলার প্রবেশমুখে এক পাশে রাখা হয় নতুন ও রিকন্ডিশন্ড গাড়ি, অন্য পাশে ব্যক্তিগত ব্যবহৃত গাড়ি। পুরোনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনার আশায় অনেক মালিক তাঁদের গাড়ি নিয়ে আসেন।
ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন গাড়ির সঙ্গে আইফোন ও ই-বাইক উপহারের অফার দেন বিক্রেতারা। আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় মিত্সুবিশি, চ্যাংগান ডিপল ও হুন্দাইয়ের মতো ব্র্যান্ডের নতুন গাড়ি প্রদর্শন করা হয়। পাশাপাশি ছিল ট্রাক ও দুটি চীনা ব্র্যান্ডের বাইক। বিশেষ অফার হিসেবে যেকোনো ট্রাক কিনলে একটি স্কুটি বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। মেলায় আট লাখ থেকে এক কোটি ৮৬ লাখ টাকা দামের গাড়িও ছিল।
গাড়ি কেনার আগে ইঞ্জিন, চেসিস, হুইলবেসসহ সার্বিক অবস্থা যাচাইয়ের জন্য রাখা হয়েছে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ। পাশাপাশি গাড়ি প্রদর্শনে রয়েছে র্যাম্পের ব্যবস্থা।
আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান বলেন, অষ্টম সপ্তাহেও ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এক ছাদের নিচে গাড়ি, ট্রাক ও বাইক কেনাবেচার পাশাপাশি মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে গাড়ির অবস্থা যাচাইয়ের সুযোগ রয়েছে।
