EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ পিএম

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

ছবি: সংগৃহীত

অ অ

মালয়েশিয়ায় কাজ করতে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু হবে আগামী ৩১ অক্টোবর থেকে। এ জন্য সরকার অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে পরীক্ষা করাতে হবে। এর আগে করা কোনো মেডিকেল পরীক্ষার রিপোর্ট গ্রহণ করা হবে না বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের ওই তালিকা দেখে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। নিয়ম না মানলে কোনো সেন্টার তালিকা থেকে বাদ পড়তে পারে। আবার নতুন সেন্টারও তালিকায় যুক্ত হতে পারে।

সরকারি অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি এই পরীক্ষা করাতে পারবে না। নির্ধারিত তারিখের আগে পরীক্ষা করালে সেই রিপোর্ট গ্রহণ করা হবে না। 

মন্ত্রণালয় জানিয়েছে, কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি অনুমোদন ছাড়াই মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে। তাই অনুমোদন যাচাই না করে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দিতে কর্মীদের সতর্ক করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদন করা রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। পাশাপাশি ভিডিআর ভিসার কাগজপত্রও জমা দিতে হবে।

সরকারি নিয়ম না মানলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে মেডিকেল সেন্টার বন্ধ, রিক্রুটিং এজেন্সির কর্মী পাঠানোর কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে।

এ ধরনের অনিয়মের তথ্য থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ [email protected] ঠিকানায় ইমেইল করতে বলেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, কর্মীদের স্বার্থ রক্ষায় নজরদারি চলবে। একই সঙ্গে কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন