ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত এলেন ৩৫ বাংলাদেশি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন ৩৫ বাংলাদেশি। তাঁদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (পিভিজি ৯৪৪৫) তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমানবন্দরে ফেরত আসা বাংলাদেশিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দেয় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসীকল্যাণ ডেস্কের সহযোগিতায় এসব সহায়তা দেওয়া হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফেরত আসা ৩৫ বাংলাদেশিকে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় বিমানবন্দরে সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাঁদের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।
ইউরোপ থেকে নথিপত্রহীন বা অনিয়মিত বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি করে বাংলাদেশ সরকার। এর আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, গত কয়েক বছরে ইউরোপ থেকে সবচেয়ে বেশি বাংলাদেশি ফিরেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে। দেশে ফেরার পর তাঁদের জরুরি সহায়তা, কাউন্সেলিং ও অর্থনৈতিক সহায়তা দেওয়া হয়, যাতে তাঁরা আবার ঘুরে দাঁড়াতে পারেন।
তিনি আরও বলেন, ঝুঁকি নিয়ে যাতে মানুষ ইউরোপে না যান, সে জন্য সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চলছে। পাশাপাশি বাংলাদেশ থেকে বৈধভাবে কর্মী নেওয়ার উদ্যোগও নিয়েছে ইউরোপ।
-6ad610e266ac9.jpg)