প্রবাসীদের লাগেজ পরিবহনে শাহজালাল বিমানবন্দরে ১৫০ ট্রলি হস্তান্তর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
প্রবাসীদের লাগেজ পরিবহনের সুবিধার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি করে ট্রলি সরবরাহ করা হয়েছে। তিন বিমানবন্দর মিলিয়ে মোট ২০০টি ট্রলি দিয়েছে মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি হস্তান্তর অনুষ্ঠান ও প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, জাপানে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রচলিত ‘টেকনিক্যাল ইন্টার্নশিপ’ পদ্ধতির পরিবর্তে ‘এমপ্লয়মেন্ট ফর স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানে স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। পাশাপাশি কর্মীদের দক্ষতা উন্নয়ন, উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদে জাপানে বসবাসের সুযোগ তৈরি হবে। নারী কর্মীদের গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে চাকরিচ্যুত করা কিংবা বৈষম্যের শিকার করা যাবে না বলেও জানান মন্ত্রী।
সৌদি আরবে বোমা হামলায় নিহত দুই বাংলাদেশির বিষয়ে মন্ত্রী বলেন, তাঁদের একজন অভিবাসী শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী। একজনের বাড়ি বগুড়ায়, অন্যজনের বাড়ি কুমিল্লায়। আকাশপথের যোগাযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হলে অগ্রাধিকার ভিত্তিতে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে তথ্য চেয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাংলাদেশ দূতাবাস চিঠি দিয়েছে। জবাব পাওয়ার পর বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হবে।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
