EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পরিবেশ রক্ষা করে কক্সবাজার উন্নয়নের নির্দেশ প্রতিমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:২১ পিএম

পরিবেশ রক্ষা করে কক্সবাজার উন্নয়নের নির্দেশ প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

অ অ

কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য রক্ষা করে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

বুধবার (২১ অক্টোবর) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ গুরুত্বারোপ করেন।

সভায় কক্সবাজারের সার্বিক উন্নয়ন, সমন্বিত স্থানিক পরিকল্পনা এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটন সম্ভাবনা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। এ ক্ষেত্রে ভূমির পরিকল্পিত ব্যবহার, অবকাঠামোগত উন্নয়ন, প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটন এলাকার টেকসই উন্নয়নে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। 

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী কউকের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং সেগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে কউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন, সদস্য (প্রকৌশল) লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত, উপ-নগর পরিকল্পনাবিদ মো. তানভীর হাসান রেজাউল ও সচিব (উপসচিব) সানজিদা বেগমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন