EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ

ঢাকামুখী যাত্রীদের ভোগান্তি, ডাউনলাইনে চলাচল স্বাভাবিক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:৪১ পিএম

লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

অ অ

কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ দুপুরে এ দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে নাঙ্গলকোটের নাওটি ও লাকসাম উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি নাওটি ও আজগরা এলাকার মাঝামাঝি পৌঁছালে হঠাৎ তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, ট্রেনটি উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ রয়েছে।


এদিকে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। দুর্ঘটনার কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

তবে কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বলেন, কর্ণফুলী এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে ট্রেনের সময়সূচিতে কোনো সমস্যা হচ্ছে না। চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন