EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পদত্যাগে প্রধানমন্ত্রীর নির্দেশের খবর গুজব: ইশরাক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম

পদত্যাগে প্রধানমন্ত্রীর নির্দেশের খবর গুজব: ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

অ অ

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী—বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ খবরকে গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেছে তাঁর দপ্তর।

রোববার (১৮ অক্টোবর) এক প্রতিবাদলিপিতে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এ দাবি করেন।

প্রতিবাদলিপিতে বলা হয়, ইশরাক হোসেন সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি। তাঁর পদত্যাগেরও কোনো প্রশ্ন নেই।

রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে একটি মহল এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়। 

এতে আরও বলা হয়, গত শনিবার নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে সৃষ্ট পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে প্রতিমন্ত্রী আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর পদত্যাগের খবর প্রচার করা বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি বলে দাবি করা হয়।

প্রতিবাদলিপিতে সংশ্লিষ্ট গণমাধ্যম ও দেশবাসীকে এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, যেসব গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে, সেগুলো অবিলম্বে প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়।

অন্যথায়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন