EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ পিএম

ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

অ অ

মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র প্রদর্শন নিয়ে বিতর্কের পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তাকে ডেকে এ নির্দেশ দেওয়া হয় বলে সরকার-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

এর আগে শনিবার বিকেলে গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেট এলাকায় অভিযানে যান ইশরাক। তার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে তিনি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করছেন। তার পাশ থেকে একজনকে গুলি করার হুমকি দিতেও শোনা যায়। তবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে ইশরাকের সঙ্গে থাকা দেহরক্ষীদের কয়েকজনকে লোকজনকে ধরতে দৌড়াতে দেখা যায়। পরে আটক কয়েকজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। এতে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি তৈরি হয়।

বিএনপি ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মাদকবিরোধী অভিযানে আপত্তি না থাকলেও একজন প্রতিমন্ত্রীর নিজে অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়া গ্রহণযোগ্য নয়। এতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য সদস্যরাও বিব্রত হয়েছেন বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এক সদস্য। 

এদিকে আজ (রবিবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে ইশরাক দাবি করেন, সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজের ও অন্যদের নিরাপত্তার জন্য তিনি অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। তার দাবি, অস্ত্রটি বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত এবং এতে আইনের ব্যত্যয় হয়নি।

তিনি আরও দাবি করেন, অভিযানে চার-পাঁচটি অস্থায়ী মাদকের আস্তানা উচ্ছেদ, মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী জব্দ এবং ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এর আগে বিতর্কিত কর্মকাণ্ডে ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম আসার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। গত ১ অক্টোবর তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

আরও পড়ুন