রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই
ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পিএম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুম মোল্লা নামে এক ফ্রান্সপ্রবাসীর কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, একটি সাদা প্রাইভেট কারে আসা তিন থেকে চারজন ব্যক্তি তাঁর টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় মাসুমকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দেওয়া হলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
মাসুম মোল্লা উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
মাসুমের শ্বশুর বরকত উল্লাহ জানান, তাঁর বাড়ি হোড়গাঁও এলাকায়। জমি রেজিস্ট্রি করার জন্য তিনি রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভুলতায় ঢাকা ব্যাংকের শাখা থেকে ১১ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের শাখা থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকা তোলেন। পরে টাকাগুলো মেয়ের জামাতা মাসুম মোল্লার কাছে দেন।
বরকত উল্লাহর কাছ থেকে টাকা নিয়ে মাসুম নিজের মোটরসাইকেলে একটি ব্যাগে ২৬ লাখ ৮০ হাজার টাকা নিয়ে করাটিয়ার বাড়ির উদ্দেশে রওনা হন। দুপুর ১২টা ৫ মিনিটের দিকে আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে একটি সাদা প্রাইভেট কারে আসা তিন থেকে চারজন তাঁর পথরোধ করে। তারা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাঁকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে পালিয়ে যায়।
বরকত উল্লাহ জানান, এ ঘটনায় মাসুম শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। জমি রেজিস্ট্রি করার জন্যই তিনি ব্যাংক থেকে টাকা তুলেছিলেন। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে।
