EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নীলফামারীতে আসামি ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৩৪

ডেইলি সান রিপোর্ট, নীলফামারী

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম

নীলফামারীতে আসামি ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৩৪

ছবি: সংগৃহীত

অ অ

নীলফামারীতে পুলিশের কাজে বাধা দেওয়া ও মাদক মামলার আসামি ছিনতাই চেষ্টার অভিযোগে নারীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মূল ফটকের সামনে আসামি সুজন ইসলামকে আদালতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি ডিমলা, সৈয়দপুরসহ বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্র জানায়, ডিমলা থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার সুজন ইসলামকে জেলা গোয়েন্দা শাখা থেকে আদালতে নেওয়া হচ্ছিল। তখন একদল লোক পূর্বপরিকল্পিতভাবে বেআইনি সমাবেশ করে পুলিশের পাহারাদলের (এসকর্ট পার্টি) পথরোধ করে। পুলিশের অভিযোগ, তাঁরা সুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, পুলিশ সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং তাঁদের ওপর আক্রমণ চালান। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করা হয়। তাঁদের এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে নীলফামারী সদর থানায় মামলা হয়। মামলা নম্বর ০৮, তারিখ ৩ অক্টোবর ২০২৬, জিআর নম্বর ৩৯৫/২৬। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ১৮৬, ৩৫৩, ১২০(খ), ১১৪ ও ৩৪ ধারা যুক্ত করা হয়েছে।

পরে ঘটনার ভিডিও ও স্থিরচিত্র বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর ডিমলা উপজেলায় অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় মোট গ্রেপ্তার ৩৪ জন, যাঁদের মধ্যে পাঁচজন নারী। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন